মেসির সঙ্গে রোনালদিনিয়োর তুলনা করতে গিয়ে কী বললেন আর্সেনালের সাবেক তারকা?
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ২৫ মে, ২০২৬
আর্সেনালের সাবেক ডিফেন্ডার ফেলিপে সেনদেরোস সম্প্রতি জানিয়েছেন, রোনালদিনিয়োর সঙ্গে মাঠে খেলার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তার মতে, ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ছিলেন একজন 'শিল্পী', যার স্বাভাবিক প্রতিভা ফুটবল ইতিহাসের সেরাদের সঙ্গেও তুলনা করা যায়।
ব্রাজিল জাতীয় দল ও ইউরোপের ক্লাব ফুটবলে নিজের জাদুকরী ফুটবলের ছাপ রেখেছিলেন রোনালদিনিয়ো। এই সাবেক বিশ্বসেরা ফুটবলারে ক্যারিয়ারের একটা পর্বে খেলেছেন ইতালির জায়ান্ট এসি মিলানে, যেখানে তার সতীর্থ ছিলেন ডেভিড বেকহ্যাম ও পাওলো মালদিনির মতো কিংবদন্তিরা। আর্সেনালের সাবেক ডিফেন্ডার সেনদেরোস সেই সৌভাগ্যবানদের একজন, যিনি সে সময় রোনালদিনিয়োর সঙ্গে একই ড্রেসিংরুম ও মাঠ ভাগাভাগি করেছেন।
২০০৮ সালে লিওনেল মেসির উত্থানের সময় বার্সেলোনা ছেড়ে সান সিরোর ক্লাবটিতে যোগ দেন রোনালদিনিয়ো। ব্যালন ডি’অর জয়ী এই তারকা ইতালিতে গিয়ে নতুন করে জ্বলে ওঠেন। নিজের ক্যারিয়ারে যোগ করেন সিরি আ শিরোপা। আগে থেকেই তার শোকেসে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয়ের গৌরব তো ছিলই। পরে দেশে ফিরে অ্যাতলেটিকো মিনেইরোর হয়ে কোপা লিবার্তাদোরেসও জেতেন।
রোনালদিনিয়োর অসাধারণ ক্যারিয়ার ও জীবন নিয়ে সম্প্রতি নেটফ্লিক্সে প্রচারিত হয়েছে একটি ডকুমেন্টারি সিরিজ। সেখানে দেখানো হয়েছে কীভাবে সবসময় মুখে হাসি নিয়ে খেলতে খেলতেই তিনি পৌঁছে গিয়েছিলেন ফুটবলের সর্বোচ্চ শিখরে।
আর্সেনালের সাবেক ডিফেন্ডার সেনদেরোস রোনালদিনিয়োর সঙ্গে খেলার অভিজ্ঞতা এবং তিনি কি মেসির চেয়েও বেশি টেকনিক্যাল ছিলেন কিনা—এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, 'মেসি বা অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। তবে নিশ্চিতভাবেই সে আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন, হয়তো সবচেয়ে প্রতিভাবানও।'
তিনি আরও বলেন, 'প্রতিদিন অনুশীলনে সে যা করত, তা ছিল অবিশ্বাস্য। তাকে খেলা দেখতে সত্যিই আনন্দ লাগত। সেই দলে আরও কয়েকজন অসাধারণ খেলোয়াড় ছিলেন। আমি বলতে পারি, আন্দ্রেয়া পিরলোও ছিলেন অবিশ্বাস্য। তিনি যেখানেই চাইতেন বল রাখতে পারতেন। কিন্তু রোনালদিনিয়ো ছিল একেবারে শিল্পী। তাকে খেলতে দেখা ছিল দারুণ এক অভিজ্ঞতা।'
রোনালদিনিয়ো, পিরলো ও বেকহ্যামের পাশাপাশি সেনদেরোস ড্রেসিংরুম ভাগ করেছেন পাওলো মালদিনি, কাকা, আলেসান্দ্র নেস্তা, এন্ডরেই শেভচেঙ্কো এবং ফিলিপ্পো ইনজাঘিদের মতো কিংবদন্তিদের সঙ্গেও। মিলানের অনুশীলন সেশনগুলো কেমন ছিল, সে বিষয়ে সেনদেরোস বলেন, 'হ্যাঁ, সেটা ছিল অবিশ্বাস্য। কার্লো আনচেলত্তি ছিলেন দুর্দান্ত কোচ। তিনি বড় বড় ব্যক্তিত্বকে একসঙ্গে খেলাতে পারতেন এবং সবার সেরাটা বের করে আনতেন। এটাই দলটিকে বিশেষ করে তুলেছিল।'
তিনি স্মৃতিচারণ করে বলেন, 'প্রথম দিন ক্লাবে গিয়ে দেখি কয়েকজন খেলোয়াড় বিদায় নিচ্ছেন। একজন লাৎসিওতে, আরেকজন বায়ার্ন মিউনিখে যাচ্ছিলেন। আমি দেখলাম, সতীর্থরা কাঁদছেন, কারণ তারা পরিবারের সদস্য হারানোর মতো অনুভব করছিলেন। তখনই বুঝেছিলাম, এই দলটা শুধু একটা ফুটবল ক্লাব নয়, বরং একটা পরিবার।'
ইউরোপে পিএসজির হয়ে আলো ছড়ানো রোনালদিনিয়ো সেরা সময় কাটান বার্সেলোনায়। এরপর মিলানে তিন বছর কাটিয়ে পরে দক্ষিণ আমেরিকায় ফিরে যান। ২০১৫ সালে বুট জোড়া তুলে রাখলেও এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে লেজেন্ডস ম্যাচে নিয়মিত দেখা যায় তাকে।
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের কাতারে জায়গা করে নেওয়া রোনালদিনিয়োকে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির সমতুল্য মনে করেন। কারণ, তার মতো বিনোদনদাতা ফুটবলারই দর্শকদের আসন ছেড়ে দাঁড়াতে বাধ্য করতেন এবং মুহূর্তের জাদুতে সবাইকে মুগ্ধ করে রাখতেন।
এবি/টিএ