© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা

শেয়ার করুন:
এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৫ মে, ২০২৬
রাজধানীর সড়কে ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো বিভিন্ন এসএমএসকে ‘সম্পূর্ণ বানোয়াট ও অসত্য’ বলে ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র যানবাহনের মালিকদের মোবাইলে বিদেশি নম্বর থেকে পাঠানো হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস।

সেখানে জরিমানা পরিশোধের জন্য একটি লিংক যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে নিয়ে যাচ্ছে বিআরটিএর আদলে তৈরি একটি ভুয়া ওয়েবসাইটে। এটি মূলত ব্যাংক কার্ডের তথ্য চুরির উদ্দেশ্যে তৈরি একটি ফিশিং চক্র।

সোমবার (২৫ মে) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে এ ধরনের প্রতারণামূলক বার্তা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রাফিক জরিমানার এসএমএস পাচ্ছেন। ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, এসব বার্তার সঙ্গে ডিএমপির কোনো সম্পৃক্ততা নেই এবং এগুলো মূলত প্রতারক চক্রের কাজ।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ মামলা দিলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি পত্র যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়। এ ছাড়া কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে প্রয়োজনে এসএমএস পাঠানো হয়ে থাকে বলে জানানো হয়। এর বাইরের কোনো নম্বর থেকে আসা বার্তাকে ভুয়া বলে গণ্য করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের জরিমানা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ডিএমপি নাগরিকদের কাছে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না। কোনো বার্তায় লিংকে ক্লিক করে গোপন তথ্য চাওয়া হলে তা প্রতারণার অংশ হিসেবে গণ্য করতে হবে।

ট্রাফিক এআই বা ভিডিও মামলাসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডিএমপির পক্ষ থেকে ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন