নাপোলিকে বিদায় জানিয়ে ২ মৌসুমের অধ্যায়ের ইতি টানলেন অ্যান্তোনিও কন্তে
ছবি: সংগৃহীত
১১:৫০ পিএম | ২৫ মে, ২০২৬
দুই মৌসুমের অধ্যায়ের ইতি টানলেন অ্যান্তোনিও কন্তে। মৌসুম শেষ হওয়ার আগেই নাপোলির সভাপতিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন ইতালিয়ান এই কোচ। রোববার (২৪ মে) উদিনেসের বিপক্ষে ১-০ গোলের জয়ের মধ্য দিয়ে নাপোলির দায়িত্বে শেষ ম্যাচও সম্পন্ন করলেন তিনি।
২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেয়ার পরই দলকে সিরি 'আ' শিরোপা এনে দেন কন্তে। তবে এবার লিগ শিরোপা ধরে রাখতে পারেনি নাপোলি। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে দলটি। যদিও ইতালিয়ান সুপার কাপ জিতে শূন্য হাতে ফিরতে হয়নি তাদের।
দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনে কন্তে বলেন, ক্লাবের সবাইকে একসঙ্গে রাখতে না পারাটাই ছিল তার সবচেয়ে বড় ব্যর্থতা। তার ভাষায়, 'এক মাস আগে সভাপতিকে বলেছিলাম, আমাদের পথচলা সম্ভবত শেষ হয়ে এসেছে। নাপোলিতে আমি একটি জায়গায় ব্যর্থ হয়েছি- ক্লাবে ঐক্য আনতে পারিনি। এটা ছাড়া অন্যদের সঙ্গে লড়াই করা কঠিন।'

৫৬ বছর বয়সি এই কোচ আরও বলেন, পরিস্থিতি বদলানোর সুযোগ দেখছিলেন না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সভাপতি ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কন্তের কোচিং ক্যারিয়ার ইতোমধ্যেই সমৃদ্ধ। জুভেন্টাস, ইন্টার মিলান এবং চেলসির হয়ে লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া টটেনহ্যামের দায়িত্বও পালন করেছেন তিনি।
ইতালির জাতীয় দলের কোচ হিসেবে ফেরার গুঞ্জন উঠলেও সেটিকে আপাতত গুরুত্ব দিচ্ছেন না কন্তে। ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন তিনি।
এসকে/টিকে