মেঘনা-গোমতী সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬২ লাখ
ছবি: সংগৃহীত
০৩:২৪ পিএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে অবস্থিত মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায়। গত ৪৮ ঘণ্টায় এই দুই সেতু দিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা।
বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় ১২টি বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল নিয়োজিত রয়েছে।
সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্রে জানা গেছে, গত ২৫ মে মেঘনা ও গোমতী সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয়। ওই দিন টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা। পরদিন ২৬ মে ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে বিকেল ও রাতে ঘরমুখো মানুষের চাপ বেশি দেখা যাচ্ছে। তবে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানা গেছে।
আরআই/ এসএন