হজে গিয়ে ‘বোলিং স্টাইলে’ শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম
ছবি: সংগৃহীত
০৯:৩৯ পিএম | ২৭ মে, ২০২৬
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে হজ পালন করতে গিয়ে ভিন্নধর্মী ও বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়তে দেখা গেছে।
হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি আল জামারাত’ পালনের সময় তিনি নিজের পরিচিত বোলিং ভঙ্গিতে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করেন। সৌদি আরবের মিনায় ধারণ করা সেই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৫৯ বছর বয়সী সাবেক এই ফাস্ট বোলার তার স্বাভাবিক বোলিং অ্যাকশনের আদলে প্রতীকীভাবে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছেন। বিষয়টি অনেকেই হাস্যরসাত্মক ও আনন্দদায়ক হিসেবে দেখেছেন এবং সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে, হজ পালনকালে ওয়াসিম আকরামের সঙ্গে পাকিস্তানের সাবেক ব্যাটার সাঈদ আনোয়ারেরও দেখা হয়। তাদের সঙ্গে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক এবং গায়ক ও টেলিভিশন উপস্থাপক ফখর-ই-আলমের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মক্কার পবিত্র পরিবেশে তোলা এসব ছবি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আরআই/টিএ