যে যুদ্ধের জন্য প্রস্তুত, চুক্তিতে সেই জয়ী: ঘালিবাফ
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ২৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের দেওয়া কোনো প্রতিশ্রুতি বা মুখের কথায় ইরানের কোনো আস্থা নেই, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপই হবে একমাত্র পরিমাপকাঠি- এমনটাই জানিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এই কঠোর মনোভাব ব্যক্ত করেন।
ঘালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, অপর পক্ষ আগে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে না।
পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ইরান আলোচনার টেবিলে নয়, বরং নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে ছাড় আদায় করে নেয়। সংলাপের ভূমিকা নিয়ে তিনি বলেন, আলোচনার টেবিলে আমরা কেবল তাদের (যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের) বিষয়টি বুঝিয়ে দিই মাত্র।
ভবিষ্যত চুক্তি বা সমঝোতার বিষয়ে নিজের রণকৌশলগত অবস্থান ব্যাখ্যা করে ইরানের এই শীর্ষ কর্মকর্তা মন্তব্য করেন, যেকোনো চুক্তির পরদিন থেকেই যে পক্ষ যুদ্ধের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে, দিনশেষে সেই পক্ষই চুক্তির আসল বিজয়ী হিসেবে গণ্য হবে।
বিশ্লেষকদের মতে, ঘালিবাফের এই মন্তব্য ওয়াশিংটনের প্রতি তেহরানের চরম অনাস্থা এবং যেকোনো কূটনৈতিক আলোচনার পেছনে সামরিক শক্তিকে প্রধান চালিকাশক্তি হিসেবে ধরে রাখার নীতিকেই পুনর্ব্যক্ত করে।
সূত্র: আল জাজিরা
এমআই/টিএ