মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে পান্ডিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত
ছবি: সংগৃহীত
০৯:১৪ পিএম | ৩০ মে, ২০২৬
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন এই দলটি এবার শেষ চারের আগেই বিদায় নেয়। দলের পারফরম্যান্স নিয়ে তৈরি হওয়া অস্থিরতা এবং ড্রেসিংরুমের ভেতরের পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের আইপিএলের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়ে এনে অধিনায়ক করে মুম্বাই। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মাকে। কিন্তু সেই সিদ্ধান্তের পর থেকেই দলের ভেতরের পরিবেশ আগের মতো নেই বলে দাবি করা হয়।

আইপিএলের একটি দলের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, হার্দিক ফিরে আসার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে মতবিরোধ ও বিভাজন বেড়ে যায়। পাশাপাশি দলের ভেতরের তথ্য বাইরে ফাঁস হওয়ার ঘটনাও ম্যানেজমেন্টের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র অনুযায়ী, প্রতিটি ড্রেসিংরুমেই মতভেদ থাকে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে এই বিভাজন ও তিক্ততা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। দলটি সবসময়েই তাদের কোর গ্রুপের জন্য পরিচিত ছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
রিপোর্টে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিছু খেলোয়াড়ের ইমোজি পোস্টকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়েও ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়। দলের শৃঙ্খলা, খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ এবং মাঠের পারফরম্যান্স-সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া ম্যানেজমেন্ট ভবিষ্যতে ড্রেসিংরুমের গোপনীয়তা ফাঁসের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরআই/টিএ