হাজিদেরকে ৮০ ভাষায় অনূদিত কোরআন উপহার দিচ্ছে সৌদি সরকার
ছবি: সংগৃহীত
১২:২৪ পিএম | ০২ জুন, ২০২৬
মক্কা-মদিনা থেকে বিদায় নেওয়া হাজিদের হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারিম ও এর অর্থানুবাদের প্রায় ১৯ লাখ কপি।
সৌদি আরবের ইসলামিক দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজির বিদায় মুহূর্তকে আরো স্মরণীয় ও অর্থবহ করে তুলেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ, স্থল ও সমুদ্রপথে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজিদের মধ্যে এসব কপি বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে দেওয়া কোরআন শরিফগুলো প্রকাশ করেছে মদিনায় অবস্থিত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান কিং ফাহদ কমপ্লেক্স। এসব কপির মধ্যে ছিল পবিত্র কোরআনের মূল আরবি পাঠের পাশাপাশি বিশ্বের ৮০টি আন্তর্জাতিক ভাষায় অনূদিত অর্থ, যাতে বিভিন্ন ভাষাভাষী মুসলমান সহজেই কোরআনের মর্মবাণী উপলব্ধি করতে পারেন।
সৌদি সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, হজের আধ্যাত্মিক শিক্ষা যেন হাজিদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং তারা নিজ নিজ ভাষায় আল্লাহর বাণী অধ্যয়ন ও অনুধাবন করতে পারেন।
বিশ্বের অন্যতম বৃহৎ কোরআন মুদ্রণ প্রতিষ্ঠান কিং ফাহদ কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অত্যন্ত কঠোর মাননিয়ন্ত্রণের মাধ্যমে পবিত্র কোরআন মুদ্রণ, পর্যালোচনা এবং বিভিন্ন ভাষায় অনুবাদের কাজ করে আসছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী মুসলিম সমাজের কাছে কোরআনের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, হজ মৌসুমে হাজিদের জন্য গৃহীত বহুমুখী সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই কোরআন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে হাজিরা শুধু পবিত্র হজের স্মৃতি নিয়েই নয়, বরং আল্লাহর কালামের এক মূল্যবান উপহার সঙ্গে নিয়ে নিজ দেশে ফিরতে পেরেছেন।
এফআর/টিকে