© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিলামে উঠছে পেলে'র বিশ্বকাপজয়ী জার্সি

শেয়ার করুন:
নিলামে উঠছে পেলে'র বিশ্বকাপজয়ী জার্সি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৩ পিএম | ০২ জুন, ২০২৬
ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক এবার উঠছে নিলামে। ব্রাজিল কিংবদন্তি পেলে'র ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবিস।

মঙ্গলবার (২ জুন) সদবিস জানায়, চলতি বিশ্বকাপ চলাকালীন এই বিশেষ নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের প্রধান আকর্ষণ হবে পেলে'র ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ব্রাজিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সি পেলে দুটি গোল করেছিলেন। এরপর তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন এবং ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।



সদবিসের ধারণা, জার্সিটি ৬০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৭০ কোটির টাকারও বেশি। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত নিলাম চলবে।

এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ গল্পও। ১৯৫৮ সালের ফাইনালের পর পেলে জার্সিটি তার বন্ধু ও সতীর্থ দিদাকে উপহার দেন। দিদার পরিবার বহু বছর এটি সংরক্ষণ করে রাখে। পরে এটি একটি জাদুঘরে স্থান পায়। এর আগে ২০০৪ সালেও জার্সিটি নিলামে তোলা হয়েছিল।

ক্রীড়া স্মারক বিক্রির ইতিহাসে বর্তমানে অন্যতম বড় রেকর্ড রয়েছে মাইকেল জর্ডানের জার্সির দখলে। ২০২২ সালে তার ‘লাস্ট ডান্স’ মৌসুমের জার্সি ১০১ লাখ ডলারে বিক্রি হয়েছিল। একই বছরে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে।

এবারের নিলামে পেলের জার্সির পাশাপাশি ম্যারাডোনার ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ ম্যাচের একটি আর্মব্যান্ড এবং লিওনেল মেসির ব্যবহৃত কিছু স্মারকও রাখা হবে।

এমআই/টিএ


মন্তব্য করুন