© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শোককে শক্তিতে পরিণত করতে চায় বাংলাদেশ

শেয়ার করুন:
শোককে শক্তিতে পরিণত করতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ এএম | ০৩ জুন, ২০২৬
আজ বুধবার সাফ নারী টুর্নামেন্টের সেমিফাইনাল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল অনুশীলন করেনি। বর্তমান স্কোয়াডের সবচেয়ে সিনিয়র ফুটবলার শিউলি আজিমের মাতৃবিয়োগে এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচিং স্টাফরা।

বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’

বাংলাদেশ দল নিয়মিত অনুশীলনেই ছিল এতদিন। খানিকটা বিশ্রাম পাওয়াকে কিছুটা ইতিবাচক হিসেবেই দেখতে চান তিনি, ‘আজ আমরা ফুটবলে একটা কিক দিইনি ঠিকই, তবে আমার মনে হয় না, এটা আমাদের জন্য কোনো অসুবিধা তৈরি করবে। এই বিরতিটা সবাইকে কিছুটা সময় দিয়েছে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ভাবার এবং উপলব্ধি করার যে, জীবন কখনও কখনও কতটা ছোট এবং নিষ্ঠুর হতে পারে।’



এই শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বাংলাদেশ দল। এমন বার্তাই মেয়েদের দিয়েছেন কোচ বাটলার, ‘আমি মেয়েদের ঠিক এটাই বলছিলাম যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি, সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখানোর সক্ষমতা রাখে।’

শিউলি আজিমের মায়ের মৃত্যুর বিষয়টি স্পর্শ করেছে বাংলাদেশের প্রতিপক্ষ নেপালকেও। নেপালের কোচ নিউপানে অনুশীলনের পর সাংবাদিকদের বলেন, ‘সবার আগে বলতে চাই, আজ সকালে শুনলাম বাংলাদেশের এক খেলোয়াড়ের মা মারা গেছেন। তার প্রতি আমার গভীর সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

নেপাল গত দুই সাফের রানার্সআপ। দুই বারই কাঠমান্ডুতে বাংলাদেশের বিপক্ষে হেরেছে। এবার গোয়ায় সেই দুটি হারের মধুর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় নেপাল কোচের কণ্ঠে, ‘সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত। আমি আগেই বলেছি ভারত এবং বাংলাদেশ উভয়ই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদের ম্যাচটি দেখেছি। আমরা বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা লড়াই উপহার দিতে প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ জয় করা। আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নিশ্চিতভাবেই আমরা একটা ভালো লড়াই করব।’

এমআই/টিএ

মন্তব্য করুন