© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

শেয়ার করুন:
আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ এএম | ০৩ জুন, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন এক ফুটবল সমর্থক।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙ্গারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম হৃদয় (৪৮)। তিনি কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল জলসা মার্কেট থেকে পাঁচশ ৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা কিনে আনেন হৃদয়। আজ সকালে অফিসে যাওয়ার আগে নিজ বাড়ির সিঁড়িঘরের কার্নিশে পতাকাটি টাঙাতে ওঠেন। এ সময় হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমাছির আক্রমণে দ্রুত নিচে নামার চেষ্টা করলে তার বাম পায়ের হাঁটু ও পায়ের নিচের অংশে দুটি মৌমাছি হুল ফোটায়। পরে তিনি স্থানীয় চিকিৎসক ডা. লাবলু কুমার দের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম হৃদয় বলেন, পতাকা লাগানোর আগে বিভিন্ন সময়ে পতাকা টাঙাতে গিয়ে দুর্ঘটনার খবর মনে পড়ছিল। তাই শুরু থেকেই সতর্ক ছিলাম। কিন্তু তারপরও মৌমাছির আক্রমণের শিকার হতে হয়েছে। ওষুধ খাওয়ার ছয় ঘণ্টা পার হলেও ব্যথা এখনো কমেনি।

স্থানীয়রা জানান, ফুটবল বিশ্বকাপ বা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে এলেই এলাকায় বিভিন্ন দেশের সমর্থকেরা নিজেদের পছন্দের দলের পতাকা টাঙান। এ ঘটনায় এলাকাবাসী আহত সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন