ইরানের হাতে এখনও প্রচুর ড্রোন রয়েছে, স্বীকার করলেন মার্কো রুবিও
ছবি: সংগৃহীত
০৩:০৬ এএম | ০৩ জুন, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার স্বীকার করেছেন যে, ইরানের কাছে "এখনও প্রচুর ড্রোন রয়েছে"। তবে প্রযুক্তিটি সস্তা হওয়ায় এই হুমকি মোকাবিলা করা বেশ কঠিন বলেও জানান তিনি।
সিনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে সদস্যদের উদ্দেশে রুবিও বলেন, এটি বিশ্বজুড়েই একটি ব্যাপক সমস্যা। এর অর্থনৈতিক দিকটির একটি সমাধান আমাদের বের করতে হবে। তবে তা সত্ত্বেও, [ইরানের] ড্রোন তৈরির সক্ষমতা এখন অনেকটাই কমে গেছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী কীভাবে ইরানের প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, প্রকাশ্যে দেওয়া এই বক্তব্যে তারও প্রশংসা করেন আমেরিকার শীর্ষ এই কূটনীতিক।
নিজের পারমাণবিক কর্মসূচিকে রক্ষার জন্য ইরান যেসব মিসাইল ও ড্রোন ব্যবহার করে, সেগুলোকে দেশটির 'প্রচলিত ঢাল' হিসেবে আখ্যায়িত করেন রুবিও। তিনি জানান, তাদের এই ঢাল "যথেষ্ট পরিমাণে ধ্বংস করা হয়েছে।
ইরানের নৌবাহিনীর বর্তমান অবস্থা সম্পর্কে রুবিও বলেন, তাদের নৌবাহিনীর বলতে এখন যা অবশিষ্ট আছে, তা হলো মেশিনগান বসানো কিছু বোস্টন হোয়েলার (ছোট নৌযান বিশেষ)। তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে প্রতিদিন দেশটির 'কয়েকশো মিলিয়ন' ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে।
সূত্র: সিএনএন
এমআই/টিএ