দেশের মানুষ পুশ-ইন মানবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৫:২৩ পিএম | ০৩ জুন, ২০২৬
ভারত থেকে পুশ-ইনের ঘটনায় সরকারের কঠোর অবস্থান নেওয়ার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি মেনে সমস্যার সমাধান হওয়া উচিত। দেশের মানুষ কোনোভাবেই পুশ-ইন মেনে নেবে না।’
বুধবার (৩ জুন) দুপুরে যশোরের শার্শা উপজেলার সাদীপুর সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতের পক্ষ থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হয়, তাহলে তা আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কিন্তু রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়।’
তিনি দাবি করেন, সীমান্তের ওপারে আরো মানুষকে জড়ো করা হয়েছে। ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, সীমান্তে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা এসেছিলেন। তবে আসার আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে।
একই সঙ্গে সীমান্তে এসব মানুষ কিভাবে প্রবেশ করল, সে বিষয়ে সরকারের কাছে জবাব চান তিনি।
সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের বিজিবি ও পুলিশকে দ্রুত জানাতে হবে। প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান।
টিকে/