© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ লঙ্ঘনের অভিযোগকে সমর্থন জানাল নরওয়ে

শেয়ার করুন:
ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ লঙ্ঘনের অভিযোগকে সমর্থন জানাল নরওয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩২ পিএম | ০৩ জুন, ২০২৬
নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগকে সমর্থন করেছে বলে জানিয়েছেন এনএফএফ সভাপতি লিস ক্লাভেনেস।

মঙ্গলবার (২ জুন) নরওয়ে জাতীয় দল বিশ্বকাপে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ক্লাভেনেস জানান, এনএফএফের সমর্থনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, এই পদক্ষেপের ফলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অভ্যন্তরে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এর আগে ক্লাভেনেস ফিফাকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে 'ফিফা পিস প্রাইজ' পুরস্কার বাতিল করার আহ্বান জানিয়েছিলেন।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা প্রথমবারের মতো এই পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়ার পর সংস্থাটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার ফিফার নৈতিকতা কমিটির কাছে যে অভিযোগ দায়ের করেছে, তাতে ইনফান্তিনোর ট্রাম্পকে 'শান্তি পুরস্কার' প্রদান করার বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে। এই পুরস্কার প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে ফিফা সভাপতি রাজনৈতিক নিরপেক্ষতা সংক্রান্ত সংস্থার বিধি লঙ্ঘন করেছেন কি না, এনএফএফ কমিটি তা তদন্ত করে দেখার জন্য কমিটিকে অনুরোধ করেছে।

ক্লাভেনেস সাংবাদিকদের বলেন, 'আমরা চিঠি পাঠিয়েছি এবং এটি কিছু রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কিন্তু কাজটি সম্পন্ন হয়েছে।বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে আরও এগোব, বৈঠকের অনুরোধ করব এবং সমর্থন বাড়ানোর চেষ্টা করব।'



তিনি আরও জানান, গত সপ্তাহান্তে বুদাপেস্টে অনুষ্ঠিত এক বৈঠকে ফিফা কর্মকর্তারা এনএফএফের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ওই বৈঠকটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় অনুষ্ঠিত হয়।

ক্লাভেনেস বলেন, 'একটি সদস্য ফেডারেশন থেকে এমন চিঠি এলে সেটিকে যে সমস্যাজনক হিসেবে দেখা হচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বৈঠকটি ভালো ছিল এবং কেন এটি বিতর্কিত বলে বিবেচিত হচ্ছে, আবার কেন নরওয়ের জন্য ফেয়ারস্কয়ারকে সমর্থন করা গুরুত্বপূর্ণ, এসব বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।'

এনএফএফ অন্য সদস্য ফেডারেশনগুলোর ওপর চাপ সৃষ্টি না করে এককভাবেই চিঠিটি জমা দিয়েছে। ক্লাভেনেস বলেন, 'আমরা অন্যান্য ফেডারেশনের সমর্থন পেয়েছি, তবে এই চিঠিটি আমরা একাই পাঠাচ্ছি।'

এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে আল জাজিরা, তবে এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

এসকে/টিকে

মন্তব্য করুন