© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা দক্ষিণ সিটির সাম্প্রতিক জরিপে ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটির সাম্প্রতিক জরিপে ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ০৫ জুন, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক বাসাবাড়িতে এডিস মশার লার্ভা বিদ্যমান। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ বাড়িতে ডেঙ্গুবাহী মশার লার্ভার উপস্থিতি শনাক্ত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

আব্দুস সালাম বলেন, রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। তাই বাসাবাড়ি, ছাদ, আঙিনা কিংবা আশপাশের যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরো সচেতন ও সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের ওপর নির্ভর করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার বিস্তার রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদের কোণা কিংবা অন্যান্য জলাধারে পানি জমতে না দিলে মশার প্রজনন অনেকাংশে কমানো সম্ভব।

অনুষ্ঠানে প্রশাসক নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা ও শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা সম্প্রসারণের কথাও বলেন। পাশাপাশি, হকারদের জন্য পরিকল্পিত পুনর্বাসন ব্যবস্থা গড়ে তুলে নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি আরো জানান, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান উন্নয়নে আরো কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে বিপুল সংখ্যক বাসায় লার্ভা শনাক্ত হওয়ার তথ্য জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে নগরীতে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরো বাড়তে পারে।

এসকে/ টিকে

মন্তব্য করুন