কী কারণে ক্ষমা চাইলেন রিতেশ?
ছবি: সংগৃহীত
০৭:৩৩ পিএম | ০৫ জুন, ২০২৬
বলিউড অভিনেতা রিতেশ দেশমুখকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছত্রপতি শিবাজী মহারাজের ছবি সংবলিত টি-শার্ট পরে একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেতার বিরুদ্ধে শিবাজীকে অসম্মান করার অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রিতেশ দেশমুখকে নাচতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর দাবি ওঠে, তিনি নাকি মদ্যপ অবস্থায় ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং শিবাজীর ছবি থাকা পোশাক পরে এমন আচরণ করে ঐতিহাসিক এই ব্যক্তিত্বকে অসম্মান করেছেন।
বিতর্কটি আরও আলোচনায় আসে কারণ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাজা শিবাজী’ সিনেমায় ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করেছেন রিতেশ। দীর্ঘদিন ধরে শিবাজীর প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও আবেগের কথাও বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছেন তিনি।
সিনেমার প্রচারণার সময় এক অনুষ্ঠানে রিতেশ বলেছিলেন, ‘আমাদের জীবনে ছত্রপতি শিবাজী মহারাজের গুরুত্ব আলাদা করে বলার প্রয়োজন নেই। আমরা তার আদর্শের মাটিতে বেড়ে উঠেছি। ছোটবেলায় আমরা মাটির দুর্গ বানিয়ে সেখানে গেরুয়া পতাকা স্থাপন করতাম।’
তবে বিতর্কের মুখে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা। এক বিবৃতিতে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছত্রপতি শিবাজী মহারাজকে অসম্মান করার কথা আমি কল্পনাও করতে পারি না। ওই টি-শার্ট পরে উদযাপনের সময় তাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। সিনেমার প্রচারণার সময়ও আমি এই পোশাক ব্যবহার করেছি। সম্প্রতি যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে যাওয়ার আগে পোশাক পরিবর্তনের সুযোগ পাইনি।’
রিতেশ আরও জানান, ‘রাজা শিবাজী’ সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত কয়েক বছর ধরে তারা ছবিটির জন্য নিরলস পরিশ্রম করেছেন।
তবে বিতর্ক নিয়ে কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা। তিনি বলেন, ‘যদি আমার ওই ভিডিও দেখে কারও কষ্ট হয়ে থাকে, তাহলে একজন শিবপ্রেমী হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের সবার কাছে বিশ্বাস, অনুপ্রেরণা ও গর্বের প্রতীক। তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আনুগত্য আজও অটুট, ভবিষ্যতেও থাকবে।’
একই সঙ্গে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগও নাকচ করে দিয়েছেন রিতেশ। তার দাবি, তিনি কখনোই মদ্যপান করেন না এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আংশিক বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি যিনি ভিডিওটি ধারণ করেছেন, তিনি ওই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিও ছিলেন না বলে দাবি করেন অভিনেতা।
বিতর্কের মধ্যেও ‘রাজা শিবাজী’ সিনেমা এবং শিবাজীর চরিত্রে রিতেশের অভিনয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ভাইরাল ভিডিও ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখনো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে।
এসএ/টিএ