© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারকে ঘিরে নানান ষড়যন্ত্রে সক্রিয় বটবাহিনী: শামসুজ্জামান দুদু

শেয়ার করুন:
সরকারকে ঘিরে নানান ষড়যন্ত্রে সক্রিয় বটবাহিনী: শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ পিএম | ০৫ জুন, ২০২৬
বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্র, প্রচারণা ও অপতৎপরতা চলছে মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণার সঙ্গে বটবাহিনীর সম্পর্কও দেখা যাচ্ছে।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার হঠাৎ করে ক্ষমতায় আসেনি। দীর্ঘ ১৮ থেকে ২০ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের সমর্থনের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থনই বিএনপি সরকারকে এ জায়গায় নিয়ে এসেছে।

তিনি বলেন, এই সরকারকে নিয়ে নানান ষড়যন্ত্র, নানান ধরনের ঘটনা, নানান ধরনের প্রচারণা চলছে। সে প্রচার-ঘটনার সঙ্গে বটবাহিনীর একটি সম্পর্ক আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো অশ্রাব্য ভাষা নেই, যেটা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবহার করা হয় না।

সাবেক এই সংসদ সদস্য বলেন, চারদিকে নানান ধরনের চ্যালেঞ্জ ও প্রতিপক্ষের তৎপরতা রয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার মতে, জনগণ বিএনপির সঙ্গে আছে, জনগণ সরকারের সঙ্গে আছে। সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও জনগণের আস্থা রয়েছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘ সময়ের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দল আজকের অবস্থানে এসেছে। তাই সরকারকে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা।

এমআর/টিকে  

মন্তব্য করুন