© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

শেয়ার করুন:
৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ০৫ জুন, ২০২৬
চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন চারজন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মী। শুক্রবার (৫ জুন) জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান জনসাধারণের অংশগ্রহণে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তি এবং এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে ২ শতাধিক নেতাকর্মী ও সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। তাদের এই যোগদান একটি গণমুখী, ন্যায়ভিত্তিক ও নতুন রাজনৈতিক ধারার প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উপস্থিত জনতার কাছে প্রতীয়মান হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন, যা আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই বীরদের জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হওয়া নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

মতলব উত্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল জনসমাগম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এসকে/টিকে

মন্তব্য করুন