© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

শেয়ার করুন:
স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ এএম | ০৬ জুন, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ আরও বাড়াচ্ছে গুগল। এ জন্য স্পেসএক্সের সঙ্গে বিশাল অঙ্কের একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রতি মাসে স্পেসএক্সকে ৯২ কোটি ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি। এর বিনিময়ে প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ, সিপিইউ, মেমোরি এবং সংশ্লিষ্ট কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবে গুগল।

স্পেসএক্স জানিয়েছে, এআই সেবার চাহিদা দ্রুত বাড়তে থাকায় অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন হয়েছে। সেই চাহিদা পূরণেই এই চুক্তি।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নতুন এআই পণ্য ও সেবাগুলোর ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ছে। বিশেষ করে জেমিনি এন্টারপ্রাইজ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্মে গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে মে মাসে স্পেসএক্স একই ধরনের আরেকটি বড় চুক্তি করে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে। সে চুক্তির আওতায় মাসে ১২৫ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইতোমধ্যে এ বছর ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলারের নতুন শেয়ার বিক্রির উদ্যোগও নিয়েছে।

চুক্তিতে বাতিলের সুযোগও রাখা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর উভয় পক্ষ ৯০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। এদিকে স্পেসএক্স আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, এর বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, এআই খাতে তীব্র প্রতিযোগিতার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। গুগল-স্পেসএক্সের নতুন চুক্তি সেই প্রবণতারই আরেকটি বড় উদাহরণ।

এসএ/টিএ

মন্তব্য করুন