ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত
০৯:২১ পিএম | ০৬ জুন, ২০২৬
ময়মনসিংহের ভালুকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (৬ জুন) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে মিছিলটি বের হয়। উপজেলার আল মাহদিন কারখানার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে শ্রীপুর উপজেলার সীমানায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শেষ হওয়ার পরপরই এর ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা ভিডিওটি শেয়ার করে আনন্দ প্রকাশ করছেন।
নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলের বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ফেসবুকে মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনটি ঠিক কখন, কীভাবে মহাসড়কে এসে এই মিছিল করেছে, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, সংগঠনটি যেহেতু সরকার কর্তৃক নিষিদ্ধ, তাই আইন অমান্য করে যারাই এই মিছিলের সাথে জড়িত ছিল, তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/টিকে