© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে একাদশ নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন লিভিংস্টোন

শেয়ার করুন:
আইপিএলে একাদশ নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন লিভিংস্টোন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ০৬ জুন, ২০২৬
আইপিএলের দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। দলের একাদশ গঠনে ফ্র্যাঞ্চাইজির মালিকেরা অধিকাংশ সময়ে প্রভাব খাটান বলে দাবি করছেন তিনি। এমনকি মালিকদের পছন্দের ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও দলে জায়গা ধরে রাখেন।

এক পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লিভিংস্টোন জানান, আইপিএলে ক্রিকেটীয় সিদ্ধান্ত সবসময় কোচ বা টিম ম্যানেজমেন্টের হাতে থাকে না। কখনো কখনো মালিকদের পছন্দ-অপছন্দও একাদশ নির্বাচনে বড় ভূমিকা রাখে।

লিভিংস্টোন বলেন, ‘আইপিএলে ক্রিকেটারের জীবন অনেকটাই অনিশ্চিত। আপনি খেলতেও পারেন, আবার নাও খেলতে পারেন। সবসময় প্রস্তুত থাকতে হয়, কিন্তু সুযোগ মিলবে কি না, সেটি অনেক সময় আপনার নিয়ন্ত্রণে থাকে না। বরং মালিকদের পছন্দ-অপছন্দের কারণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার উদাহরণ টেনে লিভিংস্টোন বলেন, ‘সলিল অরোরাকে অন্য ফ্র্যাঞ্চাইজিও নিতে আগ্রহী ছিল। কিন্তু মালিকপক্ষের পছন্দে হায়দরাবাদ বেশি অর্থ ব্যয় করে তাকে দলে ভেড়ায়।’ একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে তিনি বাড়তি সুবিধা পেয়েছিলেন বলে ইঙ্গিত দেন লিভিংস্টোন।

ইংলিশ অলরাউন্ডারের দাবি, মৌসুমের শুরুতে একাদশে তিন বিদেশি খেললেও তাকে সুযোগ দেওয়া হয়নি। নিয়মিত সুযোগ না পাওয়ার কারণ জানতে চাইলে প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি তাঁকে সরাসরি পরিস্থিতি বুঝিয়ে দেন। তখনই তিনি উপলব্ধি করেন, কোনো চোট-আঘাত না হলে তাঁর জন্য দলে জায়গা পাওয়া কঠিন হবে।



লিভিংস্টোন বলেন, ‘একাদশে জায়গা পাইনি দেখে কোচ ড্যানিয়েল ভেট্টরির কাছে কারণ জানতে চেয়েছিলাম। ভেট্টরি আমায় বলেছিল, মালিকেরা এই ছেলেটাকে (অরোরা) খুব পছন্দ করে। কামিন্স এলেও আমরা তিন জন বিদেশি নিয়েই খেলব।’

পডকাস্টে উপস্থিত সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ও ক্রিকেট বিশ্লেষক ডেভিড লয়েডও এ প্রসঙ্গে মন্তব্য করেন। আলোচনার একপর্যায়ে কুক রসিকতা করে বলেন, মালিকদের সবচেয়ে বড় যোগ্যতা হলো তাঁদের বিপুল অর্থনৈতিক সামর্থ্য।

তবে লিভিংস্টোন স্পষ্ট করেছেন, মালিকেরাই সরাসরি একাদশ নির্বাচন করেন এমন কোনো প্রমাণ তাঁর কাছে নেই। তিনি কেবল নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই মন্তব্য করেছেন। যদিও তাঁর দাবি, মালিকদের পছন্দের ক্রিকেটাররা অনেক সময় প্রত্যাশিত পারফরম্যান্স না করলেও ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছেন।

এসকে/টিকে

মন্তব্য করুন