৩২ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে মিরার ফরাসি ওপেন জয়
ছবি: সংগৃহীত
১২:৩৩ এএম | ০৭ জুন, ২০২৬
মিরা আন্দ্রেয়েভা। ১৯ বছর বয়সি রাশিয়ান এই টেনিস তারকা ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন। শনিবার (৬ জুন) নারীদের এককে শিরোপা জিতেছেন তিনি।
ফাইনালে পোল্যান্ডের মাজা চওলিস্কাকে ৬-৩, ৬-২ গেমে হারান তিনি। শিরোপা জয় করতে তার সময় লাগে ১ ঘণ্টা ২২ মিনিট। এর মাধ্যমে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর প্যারিসে সবচেয়ে কম বয়সি হিসেবে চ্যাম্পিয়ন হলেন তিনি।
আন্দ্রেয়েভার গ্র্যান্ড স্ল্যাম যাত্রা শুরু হয় ২০২৩ সালে, যখন তিনি প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন রোলাঁ গ্যারোয়। দুই বছর আগে তিনি সেমিফাইনালে পৌঁছে বিশ্ব টেনিস অঙ্গনে নিজের আগমনের ঘোষণা দিয়েছিলেন।

চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আন্দ্রেয়েভা তার কোচ কনচিতা মার্টিনেজকে ছাড়িয়ে গেছেন। কনচিতা ২০০০ সালের রোলাঁ গারোয় রানার্সআপ হয়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর আন্দ্রেয়েভা হাঁটু গেড়ে বসে উদ্যাপন করেন এবং গ্যালারিতে উঠে নিজের দলকে জড়িয়ে ধরেন। এরপর তিনি একটি বিশেষ কালো জ্যাকেট পরেন, যাতে লেখা ছিল তার বিখ্যাত বিজয়-পরবর্তী উক্তি, ‘আমি নিজেকেও ধন্যবাদ জানাতে চাই।’
আরও পড়ুন: সুইজারল্যান্ডকে হারিয়ে আইস হকিতে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ফিনল্যান্ড
আন্দ্রেয়েভা বলেন, ‘এটা আমার জন্য খুবই বিশেষ একটি মুহূর্ত। ছোটবেলা থেকেই আমি টেলিভিশনে রোলাঁ গ্যারো দেখতাম। এটি ছিল আমার বড় একটি স্বপ্ন, আর এখন আমি এই ট্রফি হাতে ধরে আছি, এটা বিশ্বাসই করতে পারছি না।’
তিনি বলেন, ‘আমি নিজেকেও ধন্যবাদ জানাতে চাই, নিজের ওপর বিশ্বাস রাখার জন্য, সবসময় শতভাগ দেওয়ার জন্য, কঠিন সময়েও হাল না ছাড়ার জন্য, প্রতিদিন আরও ভালো খেলোয়াড় ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করার জন্য, নিজের ভেতরের অসংখ্য সংগ্রামের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য।’
টিজে/টিএ