ফুল ফুটুক আর নাই ফুটুক, সংসদে আজ বসন্ত: নারী এমপি
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ০৭ জুন, ২০২৬
“ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত”—সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানুর এমন আবেগঘন মন্তব্যের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে জাতীয় সংসদ।
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রথমবারের মতো যোগ দিয়েছেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্য। প্রথম অধিবেশনে তাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও মন্তব্য করেছেন, “আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে।” নারী সদস্যদের আগমনের ফলে জাতীয় সংসদ পূর্ণতা পেয়েছে উল্লেখ করে তিনি তাদের অভিনন্দন জানান।
এদিন প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত শেষে স্পিকার এই মন্তব্য করেন। পরে সংরক্ষিত নারী আসনের সদস্যদের উপস্থিতি ও সংসদে তাদের ভূমিকা নিয়ে আলোচনা উঠে আসে প্রশ্নোত্তর পর্বেও।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্দেশে সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে রেহানা আক্তার রানু সংসদে নারী সদস্যদের আরও বেশি কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রত্যেক রাজনীতিকের জীবনের স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। আমরা যে ৫০ জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন, তাহলে আমরা ৫০টি অলংকার নয়, ৫০টি নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব।”
প্রশ্ন করার আগে তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, “আজ থেকে ৩০ বছর আগে আমি আপনার নির্বাচনি এলাকার জনসভায় বক্তব্য রেখেছিলাম। আমি আপনার জনপ্রিয়তা দেখেছি। আপনি সাতবার এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই।”
রানুর বক্তব্য দীর্ঘ হলে স্পিকার তাকে কার্যপ্রণালী বিধি অনুসরণ করে প্রশ্নে আসার অনুরোধ জানান। তিনি বলেন, “সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে।”
পরে নারী সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, “এখানে রেহানা আক্তার রানু যা বলেছে, সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যের বক্তব্য। সুতরাং এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না।”
রানুর সাতবার সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষার জবাবে স্পিকার রসিকতা করে বলেন, “সাতবার বক্তৃতা দিয়ে তো সাতবার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সঙ্গে মিশে কাজ করেন। আপনারা সাতবার কেন, ২৭ বারও হতে পারবেন ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্য সম্প্রতি শপথ নিয়েছেন। বাজেট অধিবেশনই তাদের অনেকের প্রথম সংসদ অধিবেশন। সংরক্ষিত আসনের সদস্যরা নির্বাচিত হওয়ার পর গত ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
টিএ/