© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

শেয়ার করুন:
ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ০৭ জুন, ২০২৬
গত বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে বাজে মৌসুম কাটানোয় আসন্ন বিশ্বকাপের দলে এই মিডফিল্ডারকে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম। ফলে সতীর্থরা যখন মহাযজ্ঞের মঞ্চে অগ্নিপরীক্ষা দিতে নিজেদের প্রস্তুত করছে কামাভিঙ্গা নিজেকে ব্যস্ত রেখেছেন ফুটবলের বাইরে ভিন্ন এক ধরনের প্রশিক্ষণে।

২৩ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন, মিডিয়া এবং স্পোর্টস ব্যবসা নিয়ে একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে কামাভিঙ্গা মাত্র ৪৯ মিনিটের জন্য বদলি হিসেবে খেলেছিলেন। সেই ফাইনালে ফ্রান্স পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরে যায়। তবে এবার যখন তার সতীর্থরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্যাম্পে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন এই ফরাসি মাত্র পাঁচ মাইল দূরের হার্ভার্ডে পড়াশোনায় ব্যস্ত সময় পার করেছেন।

তিনি হার্ভার্ডে কাটানো সময়ের ছবি এবং তার সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোস্টে তার সতীর্থসহ অনেক ফুটবলার মন্তব্য করেন, যার মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

কামাভিঙ্গা লেখেন, 'কয়েক দিন শেখা, শোনা এবং বেড়ে ওঠা। হার্ভার্ড বিজনেস স্কুলে অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ।'

২০২০ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় কামাভিঙ্গার। তিনি এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে দেশাম কামাভিঙ্গাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, তার বাজে মৌসুম, কিছু ইনজুরি এবং দলে তীব্র প্রতিযোগিতাই মূল কারণ।

দেশাম আরও বলেন, 'আমি তার সম্ভাবনা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছি না। তবে সে আমার সিদ্ধান্তে রাগ করতেই পারে, আমি বুঝি।'

কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। তবে গত দুই মৌসুম ক্লাবটি কোনো ট্রফি জিততে পারেনি।

তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং অঔরেলিয়ে চুয়ামেনি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলবেন। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

এসএন 

মন্তব্য করুন