রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
ছবি: সংগৃহীত
০১:৪৫ এএম | ০৮ জুন, ২০২৬
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর অংশ হিসেবে রংপুর অঞ্চলেও ভূমিকম্প হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে ২৮ কিমি উত্তর পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
রংপুর আবহাওযা অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন, এর উৎপত্তিস্থল ছিল ভুটান। এতে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য আমরা পাইনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আতঙ্কে মানুষ বহুতল ভবন ও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এবং খোলা স্থানে আশ্রয় নেন অনেকে।
এমআর/টিএ