বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পরদিনই মীর শাকরুল আলমের পদত্যাগ
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ০৮ জুন, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রাজশাহী অঞ্চলের নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করেছেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের মাথায় আজ সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে সীমান্ত তার ব্যবসায়িক ব্যস্ততাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, তার বাবা মীর শাহে আলম এমপি বর্তমানে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত। এই ব্যস্ততার কারণে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়।
দায়িত্বশীলতার জায়গা এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে নির্বাচনের আগেই তিনি এই পদে দায়িত্ব পালন না করার বিষয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত নির্বাচিত হওয়ার এক দিনের মাথাতেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।
এসএন