শেরপুরে দুই দিনের ব্যবধানে পাঁচ শিশু নিখোঁজ
ছবি: সংগৃহীত
১১:১৫ এএম | ০৯ জুন, ২০২৬
শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে একই মাদ্রাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে- উপজেলার পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪)। এছাড়া পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন নিখোঁজ হয়েছে। সে ২৪ পারা কুরআনের হাফেজ।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানিয়া মাদ্রাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন ছাত্র নিখোঁজ হয়। মাদ্রাসা থেকে বের হওয়ার পর তারা আর বাড়ি ফিরে আসেনি। এর আগে ২৭ মে ইসরাফিল নামে আরেক শিশু নিখোঁজ হয়।
স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শিশুদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
এসএন