আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ০৯ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।
মঙ্গলবার (৯ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে যে দলেরই হোক ব্যক্তিগতভাবে এই নির্বাচনে অংশ নিলে কারো ক্ষেত্রে বাধা থাকবে না বলে জানান তিনি।
এসময় ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে বর্ষা মৌসুমে আসা পানি এই ব্যারেজের মাধ্যমে ধরে রেখে, শুষ্ক মৌসুমে তা ব্যবহার করার উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তিস্তা এলাকায় যদি ব্যারেজ কিংবা রিজার্ভার নির্মাণ করা হয়, তাতে ২০ হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে। যেটি বাংলাদেশ সরকারই বহন করতে পারে। তবে এই প্রকল্পে অন্য কোনো দেশ সাহায্য করতে চাইলে, সে সুযোগও রাখা হবে।
পুশইন নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত থেকে পুশইন হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী ইশতেহারে থাকার কারণে, তাদের সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এটি হচ্ছে। তবে শিগগিরই দু’দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।
কেএন/এসএন