শিবাজির মূর্তি স্থাপনের ঘোষণা ইসরাইলের
ছবি: সংগৃহীত
০৮:০৫ পিএম | ০৯ জুন, ২০২৬
ইসরাইলে ছত্রপতি শিবাজির মূর্তি স্থাপন করা হবে। তেল আবিব ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে মূর্তি বসানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, গত সপ্তাহে মুম্বাইয়ে ইসরাইলের রাষ্ট্রদূত ইয়ানিভ রিভ্যাক এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের মধ্যদিয়ে ভারতীয় ও ইসরাইলিদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরাইলে বহু ভারতীয়ের বাস। দেশটির ডিমোনা শহরে প্রচুর ভারতীয় থাকেন। ফলে এই শহরকে ‘মিনি ইন্ডিয়া’ও বলা হয়।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে রিভ্যাক বলেন, ‘ভারতে ছত্রপতি শিবাজি মহারাজের মাহাত্ম্য এবং গুরুত্ব কতটা তা আমরা জানি। শিবাজি মহারাজের বিশালাকার মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে তৈরি করে সেই মূর্তি ইসরাইলে নিয়ে যাওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এটাকে শুধুমাত্র একটি সাধারণ প্রকল্প হিসাবে দেখলে হবে না। এই প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাব থাকবে। এই মূর্তিস্থাপনার মাধ্যমেই ভারত এবং ইসরাইলের মানুষের মধ্যে একটা সৌহার্দ্যের পরিবেশ গড়ে উঠবে। ইসরাইলের কোনও বড় শহরে এই মূর্তিস্থাপনার পরিকল্পনা চলছে।’
তবে কোন শহরে এই মূর্তি স্থাপন করা হবে, তা নিয়ে কিন্তু স্পষ্ট ভাবে কিছু বলেননি রিভ্যাক। এই প্রকল্পের জন্য মহারাষ্ট্র সরকারের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান ইসরাইলি রাষ্ট্রদূত। তিনি বলেন, শিবাজি মহারাজের ইতিহাস এবং তার কৃতিত্ব সম্পর্কে ইসরাইলিদের পরিচয় করানোই এই প্রকল্পের উদ্দেশ্য।
রিভ্যাকের কথায়, ‘ভারতের যেখানেই গিয়েছি, ইসরাইল সম্পর্কে ভারতীয়দের মধ্যে একটা শ্রদ্ধা চোখে পড়েছে। তাই ইসরাইলের সঙ্গে ভারতের যে আত্মিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ করা হবে। তার প্রথম ধাপ হল শিবাজি মহারাজের মূর্তিস্থাপনা।’
এমআর/টিএ