খামেনির জানাজা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইরানের
ছবি: সংগৃহীত
০২:৫৩ এএম | ১০ জুন, ২০২৬
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) প্রয়াত সর্বোচ্চ নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি এবং তার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জানাজা ও দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানসূচি নিয়ে যাচাইবিহীন খবর ও গুজব ছড়ানো হচ্ছে, যা বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জানাজা দ্রুত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।
কমিটি জানায়, মহররমের প্রথম ১০ দিন শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রয়াত নেতার সেই দীর্ঘদিনের অবস্থানের প্রতিফলন, যেখানে তিনি ইমাম হোসাইন (আ.)-এর শোকানুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিতেন। ফলে ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ দিন আশুরা শেষ হওয়ার পরই জানাজা ও দাফন সম্পন্ন হবে।
তারা আরও জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে ইরানসহ সমগ্র মুসলিম বিশ্বের মহররম পালনকারীদের ধর্মীয় আবেগ ও শোকানুষ্ঠানের প্রতিও সম্মান জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৫ অথবা ২৬ জুন আশুরা পালিত হতে পারে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি সংস্থা অনুষ্ঠানসূচি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর জানাজা ও দাফনসংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এর আগে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়াত নেতার বিদায় ও জানাজা উপলক্ষে ব্যাপক জনসমাগমের আয়োজন করা হবে। তেহরান, কোম ও মাশহাদে একাধিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব অনুষ্ঠানে দুই কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র : তাসনিম নিউজ ও সামা নিউজ
এসকে/টিএ