© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের চেয়ে এখন সাফ জয়ই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
বিশ্বকাপের চেয়ে এখন সাফ জয়ই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ এএম | ১০ জুন, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের পারফরম্যান্স, কমিটমেন্ট এবং মানসিকতা দেখে তিনি আশাবাদী, ২০০৩ সালের পর আবারও সাফের শিরোপা জিততে পারে বাংলাদেশ।

ঢাকায় ‘ফুটবল ফিয়েস্তা গালা নাইট’ অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করা হয় ‘ডিপ্লোম্যাটস প্রীতি ফুটবল ম্যাচ’ ও ‘ফুটবল ফিয়েস্তা গালা নাইট’।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী। আমাদের বর্তমান ফুটবল দল এবং খেলোয়াড়দের যে কন্ডিশন রয়েছে, তারা সাফ অনূর্ধ্ব পর্যায়ে যেভাবে পারফর্ম করেছে এবং তাদের ভেতরে যে কমিটমেন্ট রয়েছে, তাতে দীর্ঘদিনের সাফ চ্যাম্পিয়নশিপের খরা কাটানো সম্ভব।

আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড়ই বিষয়টি অনুধাবন করতে পারছে। ইনশাআল্লাহ, আমরা আশা করি, ২০০৩ সালের পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপ অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি।’ বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিল-সমর্থক হিসেবে নিজের প্রত্যাশার কথাও জানান তিনি।

আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্রাজিল শিরোপাখরায় রয়েছে। সেই জায়গা থেকে ব্রাজিলভক্তরা, পাশাপাশি মিডিয়া ও আর্জেন্টিনা-সমর্থকরাও ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে তাকিয়ে আছে। এছাড়া ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সও অনেক দূর এগিয়েছে। আমি একজন ব্রাজিল-সমর্থক হিসেবে আশা করব, ব্রাজিল ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে।’

বিশ্বকাপের ম্যাচ দেখতে ফ্যান জোনে যাওয়ার ইচ্ছার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও যেহেতু ফুটবলের উন্মাদনা চলছে, আর আমি নিজেও একজন ফুটবল খেলোয়াড়, তাই মাঝে-মধ্যেই আমাদের বিভিন্ন ফ্যান জোনে গিয়ে তাদের সঙ্গে বসে খেলা উপভোগ করব।’

বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।

প্রতিমন্ত্রী যোগ করেন, ‘আমাদের সাফ মিশনের জন্য ইতোমধ্যে খেলোয়াড়দের উৎসাহিত করার কার্যক্রম শুরু হয়েছে। আমি মনে করি, সেই কার্যক্রম আজকের ঢাকা ফুটবল ফিয়েস্তার আয়োজনের মাধ্যমেই শুরু হয়েছে। আমরা আশা করি, বিশ্বকাপ ফুটবল আমাদের খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করবে।’

বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলতে না পারলেও বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের যে উন্মাদনা, সেটি পৃথিবীর অনেক দেশেই নেই। সেই জায়গা থেকে আমাদের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে বিশ্বকাপ অর্জনের চেয়েও বড় একটি অর্জন।’

একই সঙ্গে দেশের ক্রীড়া কাঠামো উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা শূন্য থেকে একটি কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করেছি। আমাদের পাঠ্যপুস্তকে খেলাধুলাকে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক করছি। এই শুরুটা পাঁচ বা ১০ বছর পর ভালো ফল দেবে, ইনশাআল্লাহ।’

এসকে/টিএ

মন্তব্য করুন