সবার কাছে দোয়া চাইলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা অমি
ছবি: সংগৃহীত
০৪:০৪ পিএম | ১০ জুন, ২০২৬
হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। শুটিং চলাকালীন গলায় তীব্র অস্বস্তি অনুভব করলে দ্রুত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার বিষয়টি নিজেই জানান অমি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ৭ দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন এই নির্মাতা। এ সময় তাকে একদমই কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে অমি জানান, দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে বিশ্রাম না নিয়েই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নেন। শুটিং চলাকালীন হঠাৎ করেই তার গলায় তীব্র অস্বস্তি শুরু হয় এবং ধীরে ধীরে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। একপর্যায়ে তিনি ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না।

পরবর্তীতে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আগামী ৭ দিনের বিশ্রামের পর অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
অমি তার পোস্টে লেখেন, “আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে। এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো।”
পোস্টের শেষদিকে দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফেরার আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা। একইসঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চান তিনি। কাজল আরেফিন অমির এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এসএ/এসএন