বিতর্কের মুখে বাদ গেল জাহ্নবীর সেই আপত্তিকর দৃশ্য
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ১০ জুন, ২০২৬
মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পেডি’। বিশেষ করে জাহ্নবী কাপুরকে ঘিরে কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
দর্শক ও নারী অধিকারকর্মীদের আপত্তির পর অবশেষে সেই দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানান, জাহ্নবীর চরিত্র ‘আচিয়ামা’ গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে অনেকেই এটিকে অপ্রয়োজনীয় হিসেবে ব্যাখ্যা করেছেন।
তাঁর দাবি, মূল চরিত্র পেডির ব্যক্তিত্ব ও মানসিক বিকাশ তুলে ধরতেই এই চরিত্রের প্রয়োজন ছিল। নিজের ভুল স্বীকার করে বুচি বাবু সানা বলেন, ‘এই প্রক্রিয়ায় কয়েকটি শট বিভ্রান্তিকর হয়ে যায়, আমরা তা সংশোধনের ব্যবস্থা করেছি এবং সেগুলো সরিয়ে ফেলেছি।’
বিতর্কিত দৃশ্যগুলোর একটিতে জাহ্নবী কাপুরকে পরিচয় করানোর সময় ক্যামেরার উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়। এ ছাড়া আরেকটি দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র পেডি আচিয়ামাকে তার সম্মতি ছাড়া চুম্বন করছে। এই দৃশ্য নিয়েও দর্শকদের একাংশ আপত্তি জানান।

এ বিষয়ে পরিচালক বলেন, পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামের এক রুক্ষ স্বভাবের মানুষ হিসেবে পেডির চরিত্রকে তুলে ধরার উদ্দেশ্যেই এমন দৃশ্য রাখা হয়েছিল। তাঁর মতে, চরিত্রটি ভালোবাসা প্রকাশের ভিন্ন কোনো উপায় জানে না- এই বিষয়টিই দেখানোর চেষ্টা করা হয়েছিল।
আশির দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘পেডি’। প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি এই সিনেমায় রাম চরণ ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মা।
গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর বিতর্কে জড়ালেও বক্স অফিসে সিনেমাটি উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। তবে সমালোচনার পর নির্মাতার এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এসএ/এসএন