© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাট্যশিল্পী হাসনাত প্রদীপ আর নেই

শেয়ার করুন:
নাট্যশিল্পী হাসনাত প্রদীপ আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ পিএম | ১০ জুন, ২০২৬
নাট্যাঙ্গনের পরিচিত মুখ আবুল হাসনাত প্রদীপ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার(০৯ জুন) দিবাগত রাত সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে নূর ইবনে হাসনাত। তিনি জানান, গত দুই দিন ধরে তার বাবা অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বূধবার বাদ জোহর গাজীপুরের কোনাবাড়ীতে তার নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

আবুল হাসনাত প্রদীপ দীর্ঘদিন ধরে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন। দলের জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’ ও ‘সময়ের প্রয়োজনে’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।

এক শোকবার্তায় থিয়েটার আর্ট ইউনিট জানায়, তাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ও একনিষ্ঠ অভিনেতা আবুল হাসনাত প্রদীপের মৃত্যুতে দলটি গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়ায় নাট্যদলটি একজন নিবেদিতপ্রাণ শিল্পীকে হারাল।

এদিকে তার মৃত্যুতে অভিনয় শিল্পী সংঘ ও নাট্যবিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’ শোক প্রকাশ করেছে। আবুল হাসনাত প্রদীপের প্রয়াণে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও দর্শকরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এই গুণী নাট্যকর্মীকে।

এসএ/টিএ

মন্তব্য করুন