আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন আর নেই
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ১০ জুন, ২০২৬
বগুড়া জেলা পরিষদের তিনবারের সাবেক প্রশাসক, চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহসভাপতি ডা. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১০ জুন) দুপুরে শহরের নারুলী মধ্যপাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তিনি সবর্মহলে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মময় জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা নামাজ বাদ এশা বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হবে।
বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বগুড়া জেলা পরিষদে তিনবার প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বেও ছিলেন।
ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনি ভাষাসৈনিক হিসেবেও পরিচিত ছিলেন। ডা. মকবুল হোসেন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে আবারো প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত হন। পরে নির্বাচনে তিনি পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
এফআর/টিকে