© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের শেখানো কোন শিক্ষা আজও মেনে চলেন বুবলী?

শেয়ার করুন:
শাকিব খানের শেখানো কোন শিক্ষা আজও মেনে চলেন বুবলী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ১০ জুন, ২০২৬
দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনা ও নীরবতার পর অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর পুরোনো একটি বক্তব্য—'সব প্রশ্নের উত্তর দিতে নেই', যা তিনি অভিনেতা শাকিব খান–এর কাছ থেকে শিখেছেন বলে জানান। আর এই শিক্ষাটাই জীবনে কাজে লাগান তিনি। সম্প্রতি সেটার প্রমাণও মিলেছে।

গত শুক্রবার নিজের ফেসবুক পেজে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গত কয়েক মাস ধরে বুবলীকে ঘিরে এমন গুঞ্জন ছিল বেশ জোরালো।

বিভিন্ন অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি ও সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি ঘিরে নেটিজেনদের একাংশ এমন ধারণা করলেও তিনি বিষয়টি নিয়ে কখনো সরাসরি কিছু জানাননি। ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন এড়িয়ে চলার অবস্থানই তিনি বারবার বজায় রেখেছেন।

কিন্তু এত সব আলোচনা ও গুঞ্জনের মধ্যেও মুখ খোলেননি বুবলী। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি।

এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত।’

বুবলীর এই বক্তব্য তখন নতুন করে কৌতূহল তৈরি করেছিল। অনেকে মনে করেছিলেন, হয়তো উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন অভিনেত্রী। শেষ পর্যন্ত কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের মধ্য দিয়ে সে ধারণাই সত্যি হলো।



গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে নিজেই ব্যাখ্যা করেছিলেন বুবলী। নেতিবাচক মন্তব্য, সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামলান- এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে।

বুবলীর ভাষায়, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তাঁর কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা। সে কারণে অনেক কিছুই শেখা হয় তাঁর কাছ থেকে। উনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।

বুবলী আরও বলেন, অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলেন, হতাশা থেকে বলেন। অনেক সময় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছু এড়িয়ে চলতে হবে। সবকিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে?

এ কারণেই কন্যাসন্তানের জন্ম নিয়ে চলা গুঞ্জনের সময়ও কোনো ব্যাখ্যা দিতে দেখা যায়নি বুবলীকে। বরং নিজের ব্যক্তিগত বিষয় প্রকাশের জন্য তিনি অপেক্ষা করেছেন উপযুক্ত সময়ের। আর সেই সময় এলে এক পোস্টেই জানিয়ে দিয়েছেন সুখবর।

এসএ/টিএ


মন্তব্য করুন