© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

শেয়ার করুন:
ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ১০ জুন, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। খবর গালফ নিউজ
নতুন এই উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে, কমেছে প্রশাসনিক জটিলতা এবং বেড়েছে ডিজিটাল সেবার পরিধি।

মন্ত্রণালয়ের মতে, এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময় ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চালু থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষভাবে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলি কমানোর বিষয়ে মতামত আহ্বান করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় এ সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ফলে সেবাগ্রহীতারা দ্রুত ফলাফল পাচ্ছেন।

বর্তমানে আমিরাতের শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি, চাকরি পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য ওয়ার্ক পারমিট, অস্থায়ী ও এককালীন মিশনভিত্তিক কাজের পারমিট, পার্ট-টাইম কর্মসংস্থানের অনুমতি এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ওয়ার্ক পারমিট।

এছাড়া শিক্ষার্থী প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট, আমিরাত ও জিসিসিভুক্ত দেশের নাগরিকদের জন্য বিশেষ পারমিট, গোল্ডেন ভিসাধারীদের ওয়ার্ক পারমিট, ন্যাশনাল ট্রেইনি পারমিট, ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিটও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত।

টিকে/

মন্তব্য করুন