ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লিভারের যত্নে জামের উপকারিতা
ছবি: সংগৃহীত
১০:৪৭ পিএম | ১০ জুন, ২০২৬
গরম পড়লেই বাজারে দেখা মেলে টক-মিষ্টি স্বাদের ফল জামের। এটি শুধু জিভের স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও দারুণ উপকারী।
বিশেষ করে লিভার বা যকৃতের যত্নে জাম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে বলে এখন জানাচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে তরুণদের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা দ্রুত বাড়ছে, আর এই পরিস্থিতিতে দৈনন্দিন খাদ্যতালিকায় জাম রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহরোধী উপাদান, যা লিভারের কোষকে সুরক্ষা দেয়। লিভারে ফ্যাট বা চর্বি জমতে শুরু করলে কিছু এনজাইমের মাত্রা বেড়ে যায়।
নিয়মিত সীমিত পরিমাণে জাম খেলে সেই ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যাদের প্রাথমিক স্তরের ফ্যাটি লিভার রয়েছে, তাদের ক্ষেত্রে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি জাম বেশ উপকারী। চিকিৎসকদের মতে, উপকার পেতে প্রতিদিন এক মুঠো জামই যথেষ্ট। তবে এক দিন বেশি খেয়ে পরে বন্ধ করে দিলে লাভ হবে না; নিয়মিত ও পরিমিত পরিমাণে খাওয়াটাই আসল।

লিভার ছাড়াও শরীরের আরো নানা উপকারে আসে এই ফল :
ডায়াবেটিস নিয়ন্ত্রণ : জাম রক্তে শর্করার (সুগার) মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্যাটি লিভারের সঙ্গে ইনসুলিনের ভারসাম্যের সরাসরি যোগ রয়েছে, যা ঠিক রাখতে জাম সাহায্য করে।
হজমশক্তি বৃদ্ধি : জামে থাকা আঁশ বা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং বিপাকক্রিয়া উন্নত করে।
ওজন নিয়ন্ত্রণ : কম ক্যালরিযুক্ত ফল হওয়ায় এটি ওজন কমাতেও সাহায্য করতে পারে।
কিভাবে খাবেন?
বিশেষজ্ঞরা বলছেন, টাটকা জাম ধুয়ে সরাসরি খাওয়াই সবচেয়ে ভালো। অনেকে টকভাব কমাতে সামান্য বিট লবণ মিশিয়ে খান। এ ছাড়া স্মুদি বা ফলের বাটিতে (ফ্রুট সালাদ) মিশিয়েও এটি খাওয়া যেতে পারে।
কিছু সতর্কতা
ওষুধের বিকল্প নয় : জামকে কখনোই লিভারের মূল ওষুধের বিকল্প ভাবা উচিত নয়। স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাবার ও ব্যায়ামের পাশাপাশি এটি একটি সহায়ক খাবার মাত্র।
অতিরিক্ত খাওয়ার ক্ষতি : বেশি পরিমাণে জাম খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে : যারা ডায়াবেটিসের নিয়মিত ওষুধ খান, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে জামের পরিমাণ ঠিক করা উচিত। কারণ, এটি রক্তে সুগারের মাত্রা অতিরিক্ত কমিয়ে দিতে পারে।
পচনশীলতা : জাম খুব দ্রুত পচে যায়, তাই খাওয়ার আগে ভালো করে দেখে নেওয়া জরুরি।
সূত্র : দ্য ওয়াল
এসএ/টিকে