© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলিয়ার ‘আলফা’ রূপে মুগ্ধ শাহরুখ, ববিকে দিলেন ফুল মার্কস

শেয়ার করুন:
আলিয়ার ‘আলফা’ রূপে মুগ্ধ শাহরুখ, ববিকে দিলেন ফুল মার্কস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ এএম | ১১ জুন, ২০২৬
বলিউডে একসময় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর তরুণী নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন আলিয়া ভাট। পরে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’সহ একের পর এক সিনেমায় অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে ‘আলফা’ সিনেমার মাধ্যমে সম্পূর্ণ নতুন এক অ্যাকশন অবতারে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘আলফা’ সিনেমার টিজার। আর সেই ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। টিজারে আলিয়াকে দেখা গেছে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে। মারপিট, ধাওয়া-পাল্টাধাওয়া এবং গোপন অভিযানে অংশ নিতে দেখা যায় তাকে। অনেকেই বলছেন, যশরাজের পুরুষপ্রধান স্পাই ইউনিভার্সে এবার শক্ত অবস্থান নিয়ে হাজির হচ্ছেন একজন নারী গোয়েন্দা।

টিজার প্রকাশের পর আলিয়ার প্রশংসা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সাবাশ আলিয়া! একসময় মন ভেঙেছ, আর এখন হাড়ও ভাঙছ। অভিনেত্রী হিসেবে তুমি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছ।’



শুধু আলিয়াই নন, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা ববি দেওলেরও প্রশংসা করেন শাহরুখ। তিনি বলেন, খলনায়কের চরিত্রে ববিকে দারুণ মানিয়েছে। পুরো ‘আলফা’ টিমের জন্য শুভকামনাও জানান এই সুপারস্টার।

এদিকে টিজার দেখে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরেক কিংবদন্তি অমিতাভ বচ্চনও। আলিয়ার উদ্দেশে তিনি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রী নীতু কাপুরও পুত্রবধূর নতুন অবতার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এবারই প্রথম দেখা যাবে আলিয়া ভাটকে। সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন শর্বরী ওয়াঘ। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ববি দেওল। টিজারে বাবা-মেয়ের সম্পর্কের আবহে শুরু হওয়া গল্প দ্রুতই রূপ নেয় গুপ্তচরবৃত্তি ও অ্যাকশনে ভরপুর এক মিশনে।

তবে ‘আলফা’ ঘিরে আরেকটি বিষয়ও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। যশরাজের স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোতে ‘পাঠান’, ‘টাইগার’ কিংবা ‘ওয়ার’-এর চরিত্রদের বিশেষ উপস্থিতি দেখা গেছে। ফলে অনেকেরই প্রশ্ন, ‘আলফা’তেও কি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খান বা সালমান খানকে? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই ‘আলফা’কে ঘিরে প্রত্যাশা বেড়েছে দর্শকদের। আর অ্যাকশনধর্মী নতুন অবতারে আলিয়া ভাট যে বড়পর্দায় নতুন চমক দেখাতে প্রস্তুত, তার ইঙ্গিত মিলেছে প্রকাশিত ঝলকেই।

মন্তব্য করুন