© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একসঙ্গে ২২টি দেশ ইরানকে কী আহ্বান জানাল?

শেয়ার করুন:
একসঙ্গে ২২টি দেশ ইরানকে কী আহ্বান জানাল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ এএম | ১১ জুন, ২০২৬
ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভিন্নমতাবলম্বী এবং সাংবাদিকদের ওপর ইরান ও তার নিরাপত্তা সংস্থাগুলোর চালানো হত্যা, অপহরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিশ্বের ২২টি দেশ। গত বুধবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর কর্তৃক প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা, কুদস ফোর্স এবং দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত ইরানি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, সাংবাদিক, ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত নানা ধরনের নাশকতামূলক ও হুমকিমূলক তৎপরতা চালিয়ে আসছে।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো তেহরানের প্রতি কঠোর বার্তা দিয়ে বলে, ‘‘এ ধরনের আন্তঃদেশীয় হুমকির বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব, দেশ এবং জনগণকে সুরক্ষিত রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবিলম্বে এই ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।’’

ইরানের বিরুদ্ধে আনা এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলোর মধ্যে রয়েছে— আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন।

সূত্র: আল জাজিরা

এসকে/টিএ

মন্তব্য করুন