তেল কম দেয়ায় কসবায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৭:৩২ এএম | ১১ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় জ্বালানি তেল ডিজেল পরিমাপে কম দেয়ার দায়ে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযান চলাকালে ফিলিং স্টেশনটির অকটেন, পেট্রোল ও ডিজেল এই তিনটি পাম্পের পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডিজেল পাম্পের মেশিন রিডিংয়ে দেখা যায়, প্রতি লিটার ডিজেলে নির্ধারিত সহনীয় সীমার চেয়ে কম গ্রাহক পর্যায়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।
এমন অভিযোগে মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ও জ্বালানি বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লার পরিদর্শক মো. সামস তাবরেজ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
টিজে/এসএন