আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:১০ এএম | ১১ জুন, ২০২৬
সংসদে হাস্যরসের ছলে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ওনাকে (মন্ত্রী) একটা অনুরোধ করবো, উনি নোয়াখালীতে একটা বিয়ে করুক। তাহলে আমরা গ্যাস পাবো। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এই সংসদ সদস্যের এমন মন্তব্যের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আর বেশি বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট, ধন্যবাদ।
বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কার্যপ্রনালী বিধির ৭১ ধারায় নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবে এসব হাস্যরসের সৃষ্টি হয়। নোটিশ উত্থাপনোর পর নোটিশের ওপর বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য শেষ হলে প্রথমে হাস্যরসের শুরু করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নাটোরে আমার শ্বশুরবাড়ি, এখানে তো গ্যাস দিতেই হবে। যখন গ্যাস পাবো তখন গ্যাস দেবো।
জাতীয় সংসদের কার্যপ্রনালী বিধির ৭১ ধারায় নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে, ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করে নাই।
এরপরই মন্ত্রীর বিয়ের প্রসঙ্গটি সংসদে উপস্থাপন করেন নোয়াখালীর স্থানীয় সংসদ সদস্য। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বিদ্যুৎ-জ্বালানীমন্ত্রী বলেছেন ওনার শ্বশুরবাড়ি নাটোরে। এই জন্য গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে নাটোরকে অগ্রাধিকার দেবেন। ওনাকে (মন্ত্রী) একটা অনুরোধ করবো, উনি নোয়াখালীতেও একটা বিয়ে করুক। তাহলে আমরা গ্যাস পাবো।
স্পিকার বলেন, ওনাকে (মন্ত্রী টুকু) মাইক দেন। মন্ত্রী আপনি কি বিয়ে করতে চান?
এরপরে বিদ্যুৎমন্ত্রী বলেন, আমার সামনে ওনারা (জামায়াতের সংসদ সদস্যরা) বসে আছেন। উনারা শরিয়াহ আইন ভালো বোঝেন। আমার বিয়ে করার এখনো তিনটা বাকি আছে, আমার এখন কিন্তু বিয়ে করার আর শখ নাই। আর বেশি বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করছি এটাই যথেষ্ট, ধন্যবাদ।
কেএন/এসএন