© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেক্সিকোর মোরা

শেয়ার করুন:
বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেক্সিকোর মোরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ এএম | ১২ জুন, ২০২৬
মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা বিশ্বকাপের মঞ্চে নেমেই ইতিহাস গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে তিনি মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মোরা। আলভারো ফিদালগোর পরিবর্তে খেলার সুযোগ পাওয়া এই ফুটবলারের বয়স তখন ছিল ১৭ বছর ২৪০ দিন।

এর মাধ্যমে প্রায় ৯৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড ভেঙে দেন তিনি। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমে মেক্সিকোর সর্বকনিষ্ঠ বিশ্বকাপার হওয়ার কীর্তি গড়েছিলেন মানুয়েল রোসাস।



শুধু দেশের ইতিহাসেই নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় উঠে এসেছেন মোরা। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলা ফুটবলারদের তালিকায় তিনি এখন ষষ্ঠ স্থানে আছেন। তার ঠিক ওপরে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক করেছিলেন।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

তবে বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কোনো বিষয় নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের নাম তুলে রাখলেন ইতিহাসের পাতায়।

টিজে/এসএন 

মন্তব্য করুন