বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে চান না শুভেন্দু
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ১২ জুন, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ বা মানুষ ঠেলে পাঠানোর ঘটনা ঘটছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
এ পরিস্থিতিতে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাংলাদেশে ‘পুশ ইন’ নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চান না তিনি। বরং বিষয়টি কেন্দ্রীয় সরকারের দিকে ঠেলে দিয়েছেন শুভেন্দু।
শুক্রবার কলকাতার কাছে নিউটাউনে এক সংবাদ সম্মেলনে ‘পুশ ইন’ ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
এ সময় এক প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘একটি বাইরের দেশের (বাংলাদেশ) সংসদে এই বিষয় (পুশ ইন) উত্থাপন করবে, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না। এ বিষয়ে কথা বলার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, পাঁচটা রাজ্যের সঙ্গে রয়েছে।
এ ব্যাপারে দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয়, তারা মন্তব্য করবেন।’
সীমান্ত ‘সুরক্ষিত’ করতে বিএসএফের কাছে জমি হস্তান্তর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে। ইতিমধ্যে আমরা ১০০ কিলোমিটারের মতো জমি বিএসএফের হাতে হস্তান্তর করেছি।’
কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে শুভেন্দু বলেন, ‘উত্তরবঙ্গের চিকেন নেকের মতো কিছু জায়গা আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছে।
আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করব। কারণ এটা দেশের সুরক্ষার বিষয়।’
টিকে/