© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্যটক টানতে ঢাকার বাইরে হাব করবে সরকার : অর্থমন্ত্রী

শেয়ার করুন:
পর্যটক টানতে ঢাকার বাইরে হাব করবে সরকার : অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ১২ জুন, ২০২৬
পর্যটক টানতে ঢাকার বাইরে একটি ‘হাব’ তৈরির কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ঢাকার বাইরে আমরা একটা হাব করছি, যেখানে থিয়েটার থেকে শুরু করে সব ধরনের এন্টারটেইনমেন্ট থাকবে।
বিকালে গেলে যাতে, পুরো সন্ধ্যাটা কাটানো যায়।

আজ শুক্রবার বিকালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আগের দিন বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু। বাজেটে সৃজনশীল অর্থনীতি উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ বরাদ্দ থেকে পর্যটন খাতও চাইলে অর্থ পাবে।

সৃজনশীল অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরো ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করার কথা বলেছেন অর্থমন্ত্রী।
বাংলাদেশে ‘ধর্মীয় পর্যটনের’ সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় পর্যটন হতে পারে। বৌদ্ধদের অনেক কিছু আছে।

যারা এখানে আসবে, এগুলোকে আমরা কোনোদিন ‘রিস্টোর’ করিনি। কোনোদিন এই সাইটগুলোকে ওইভাবে ডেভেলপ করিনি। ওইখানে কোনো অবকাঠামো তৈরি করিনি। আমাদের এই তালিকার মধ্যে সেটাও আছে।’
তিনি বলেন, ‘বিদেশি পর্যটক আসে না, এর জন্য খুব বেশি চিন্তার কোনো কারণ নেই।

দেশের যে পর্যটক আছে এদের যদি আমরা পরিচর্যা করতে পারি, আমাদের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘সৃজনশীল অর্থনীতিতে যে কাজটা আমরা করতে চাচ্ছি, ঢাকাসহ দেশের সব জায়গায় এই সুযোগগুলো তৈরির জন্য একটা বড় উদ্যোগের কাজ শুরু করেছি। ৮০০ কোটি টাকা দিয়ে আমরা শুরু করছি এই কাজটা, যেটা কোনোদিন বাংলাদেশে কেউ চিন্তাও করেনি।’

দেশীয় সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমির খসরু বলেন, ‘সুরের কোনো সীমানা নেই। আমরা সারা দুনিয়ার সব গান শুনছি না? এখন তো কোরিয়ান গান, কোরিয়ান থিয়েটার সব চলছে। আমরা এটাকে মনেটাইজ করতে পারিনি। আমাদের যে সুযোগগুলো আছে, এটাকে কাজে লাগানোর জন্য সৃজনশীল অর্থনীতিটা আমরা শুরু করেছি।’

টিকে/

মন্তব্য করুন