হঠাৎ কেন দীপিকার প্রশংসায় কঙ্গনা?
ছবি: সংগৃহীত
০৯:৪৩ পিএম | ১২ জুন, ২০২৬
বলিউডে কঙ্গনা রনৌত এবং দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। একসময় বিভিন্ন ইস্যুতে দীপিকাকে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গেছে কঙ্গনাকে। মানসিক স্বাস্থ্য নিয়ে দীপিকার বক্তব্য থেকে শুরু করে তার অভিনীত সিনেমা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত— নানা বিষয়ে কটাক্ষ করেছিলেন তিনি। কিন্তু সেই কঙ্গনাই এবার দীপিকার প্রশংসায় মুখর হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অদ্বিতীয় তারকাদের নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা পাড়ুকোনকে বিশেষভাবে উল্লেখ করেন কঙ্গনা। তার মতে, প্রতিটি প্রজন্মেই কিছু শিল্পী থাকেন, যাদের জায়গা অন্য কেউ নিতে পারে না। তারা কেবল একজনই হন এবং নিজেদের সময়কে প্রতিনিধিত্ব করেন।
এই প্রসঙ্গে তিনি কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী, মধুবালা, ওয়াহিদা রহমান, হেমা মালিনী এবং মাধুরী দীক্ষিতের নাম উল্লেখ করেন। কঙ্গনার ভাষায়, এসব তারকার মতোই দীপিকা পাড়ুকোনও এমন একজন শিল্পী, যার বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, কিছু শিল্পী এমন বিরল প্রতিভা নিয়ে আসেন, যাদের জায়গা অন্য কেউ পূরণ করতে পারে না। সেই তালিকায় দীপিকার নামও যুক্ত করেছেন তিনি। এমনকি স্পষ্টভাবে মন্তব্য করেন, আরেকজন দীপিকা পাড়ুকোনের জন্ম হবে না।

কঙ্গনার এই মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ অতীতে দুজনের মধ্যে মতবিরোধ ও পরোক্ষ বাকযুদ্ধ ছিল প্রকাশ্য। ‘পদ্মাবৎ’ সিনেমা নিয়ে কঙ্গনার মন্তব্য, মাদক-সংক্রান্ত বিতর্কে দীপিকাকে খোঁচা দেওয়া কিংবা মানসিক স্বাস্থ্য বিষয়ে তার অবস্থানের সমালোচনা— সব মিলিয়ে সম্পর্কটা খুব একটা সৌহার্দ্যপূর্ণ ছিল না।
তবে সময়ের সঙ্গে কঙ্গনার অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত আগেও পাওয়া গেছে। বিশেষ করে মা হওয়ার পর দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তিনি। তখন কঙ্গনা বলেছিলেন, একজন মা হিসেবে দীপিকার এমন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং তিনি তা অর্জন করেছেন।
বর্তমানে কন্যাসন্তানকে সময় দেওয়ার জন্য কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছেন দীপিকা। এই সিদ্ধান্তের কারণে কিছু বড় প্রস্তাব হাতছাড়া হলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। আর সেই অবস্থানের প্রতিও সম্মান জানিয়েছেন কঙ্গনা।
ফলে একসময়কার সমালোচনার জায়গা থেকে সরে এসে এখন যেন দীপিকার প্রতিভা, অর্জন এবং ব্যক্তিত্বকে নতুন করে মূল্যায়ন করছেন কঙ্গনা রনৌত। বলিউডে মতবিরোধের খবর প্রায়ই শোনা যায়, কিন্তু প্রতিদ্বন্দ্বী বলে বিবেচিত কাউকে প্রকাশ্যে এমন স্বীকৃতি দেওয়া খুব একটা দেখা যায় না।
তাই কঙ্গনার সাম্প্রতিক মন্তব্য শুধু দীপিকা পাড়ুকোনের ভক্তদেরই নয়, পুরো বলিউড অঙ্গনেরই নজর কেড়েছে। কারণ এটি যেন প্রমাণ করে, মতভেদ থাকলেও প্রকৃত প্রতিভার স্বীকৃতি দিতে শেষ পর্যন্ত কার্পণ্য করেননি কঙ্গনা।
এসএ/টিকে