বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই ছিলেন শাকিরা?
ছবি: সংগৃহীত
১১:৪৫ পিএম | ১২ জুন, ২০২৬
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে-গেয়ে দর্শকদের মাতিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়ের সঙ্গে তার 'দাই দাই' গানের যৌথ পরিবেশনাটি ছিল পুরো অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ। তবে এই পারফরম্যান্সের পরপরই প্রশংসার পাশাপাশি ইন্টারনেট দুনিয়ায় দানা বেঁধেছে অদ্ভুত রহস্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের একাংশের প্রশ্ন- উদ্বোধনী মঞ্চে যিনি পারফর্ম করলেন, তিনি কি আসলেই আসলেই শাকিরা কিনা? স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা'র একটি প্রতিবেদন সেই সন্দেহের আগুনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার উপস্থিতি সবসময়ই দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করে। তবে এবার পারফরম্যান্সের শুরু থেকেই নেটিজেনদের একাংশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের সন্দেহের মূল কারণগুলোর একটি ছিল কালো চশমার ব্যবহার। পুরো পারফরম্যান্সের বেশিরভাগ সময় জুড়েই শাকিরা কালো চশমা পরেছিলেন, যা তার মুখের অবয়ব পুরোপুরি স্পষ্ট হতে দেয়নি।
অনেকেই দাবি করছেন, শাকিরার চিরচেনা ও সহজাত নাচের যে মুদ্রা বা মুভমেন্ট, তা এবার স্বাভাবিকের চেয়ে কিছুটা আলাদা এবং কৃত্রিম লাগছিল। রহস্য আরও ঘনীভূত হয় যখন পারফরম্যান্স শেষে প্রোডাকশন টিম তাকে মাঠ থেকে তাড়াহুড়ো করে সরিয়ে নেয়ায়।
বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে এবং মুহূর্তের মধ্যেই তা আলোচনার বিষয়ে পরিণত হয়। অনেকে দাবি করেন, মঞ্চে থাকা শিল্পী আসলে শাকিরার কোনো 'বডি ডাবল' বা রূপধারী ছিলেন।
এই সন্দেহের পেছনে একটি বড় কারণ হলো লাতিন আমেরিকার জনপ্রিয় ব্যক্তিত্ব 'শাকিবেক্কা'। ভেনিজুয়েলান এই অনুকরণকারী শিল্পীর চেহারার সঙ্গে আসল শাকিরার অবিশ্বাস্য রকমের মিল রয়েছে এবং এর আগেও বেশ কয়েকবার নিখুঁত মেকআপ আর চেহারার মিলের কারণে সাধারণ মানুষ তাকে শাকিরা ভেবে ভুল করেছিল। নেটিজেনদের ধারণা, শাকিরার ব্যস্ততা বা অন্য কোনো কারণে শাকিবেক্কাকে মঞ্চে নামানো হয়েছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা চললেও এ ব্যাপারে এখন পর্যন্ত ফিফা কিংবা শাকিরা কোনো মন্তব্য করেননি।
আরআই/এসএন