রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়, ৩ পরীক্ষার্থীকে দণ্ড
ছবি: সংগৃহীত
০২:১০ এএম | ১৩ জুন, ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) ঢাকার ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন কে এম মোজাম্মেল হক, মোসাম্মৎ মর্জিনা আক্তার ও ফারুক মন্ডল। জানা গেছে, মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে কে এম মোজাম্মেল হককে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে একই ধারায় ৫০ টাকা অর্থদণ্ড ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে, মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। পরিচয় জালিয়াতির ঘটনায় ফারুক মন্ডলকে ১০০ টাকা অর্থদণ্ড ও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাকিয়া মুনতাহিম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় মোট ৮ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮৯৫ জন উপস্থিত ছিলেন।
আরআই/টিকে