© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাঈমের ঘটনায় ন্যায়বিচার চান তাসকিন-লিটনরা, কঠোর শাস্তির দাবি

শেয়ার করুন:
নাঈমের ঘটনায় ন্যায়বিচার চান তাসকিন-লিটনরা, কঠোর শাস্তির দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ এএম | ১৩ জুন, ২০২৬
ঘুম থেকে উঠেই দেখতে হলো এমন এক খবর, যার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানের সাথে ঘটে গেল নেক্কারজনক ঘটনা। বাংলাদেশের প্রতিনিধি হওয়ার পরও তার সাথে যে আচরণ করেছেন চট্টগ্রামের পুলিশ সদস্য, তা নিয়ে সবখানে চলছে কঠোর সমালোচনা। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। মিঠুন, তাসকিন, লিটনরা চেয়েছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

ডিপিএল শেষ করে বাড়ি ফেরার সময় নাঈমকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেন এসআই শফিক। আশেপাশে থাকা ব্যক্তিরা নাঈমের পরিচয় দিলেও ঐ পুলিশ সদস্যের মন গলেনি। নাঈমকে চরমভাবে হেনস্থা করা হয়, পাইপ দিয়ে পেটানোও (বিপ) হয়। নিয়ে যাওয়া হয় থানায়।

সাতসকালে এমন ঘটনা যেন হজমই করতে পারছেন না ক্রিকেটাররা। তাসকিন আহমেদ লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।‘

চট্টগ্রাম ক্রিকেট খেলোয়াড় সমিতির হয়ে বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগির বলেছেন, 'জাতীয় ক্রিকেটার চট্টগ্রামের গর্ব নাঈম হাসানের উপর পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

এদিকে টি-২০ অধিনায়ক লিটন দাস এই কঠিন সময়ে নাঈমের পাশে দাঁড়িয়েছেন। ফেসবুকে তিনি আবেগঘন এক বার্তায় লিখেছেন, ‘মাথা উঁচু করে রাখো, নাঈম। তুমি একজন অসাধারণ মানুষ। নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখে সত্যিই হৃদয় ভেঙে যায়। সহকর্মী ও সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।‘

ন্যায়বিচার দাবি করে লিটন জানান, ‘এই দেশের কোনো নাগরিকই এমন আচরণের শিকার হওয়ার যোগ্য নন, আর বাংলাদেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা একজন জাতীয় ক্রিকেটার তো অবশ্যই নন। আশা করি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’

এসকে/এসএন


মন্তব্য করুন