এক মঞ্চে দুই ‘রকস্টার’: সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিবও
ছবি: সংগৃহীত
১২:৫৮ পিএম | ১৩ জুন, ২০২৬
ঈদে মুক্তি পেয়েছে আজমান রুশোর ছবি ‘রকস্টার’। ছবির নাম ভূমিকায় আছেন শাকিব খান। তবে পর্দার ‘রকস্টার’ শাকিবের নেপথ্যে রয়েছেন আসলে সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তার লেখা, সুর ও কণ্ঠের গানেই ঠোঁট মিলিয়েছেন শাকিব। ফলে পর্দায় আর শাকিবের কণ্ঠ-সুর শুনতে পায়নি দর্শক-শ্রোতারা।
এবার সে অপূর্ণতা ঘুচল। শাকিবও গাইলেন, সানির সঙ্গে। দুই ‘রকস্টার’ গাইলেন এক মঞ্চে, ছবির অপ্রকাশিত গান ‘আমি’। বৃহস্পতিবার রাতে ছবির প্রযোজকের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। সেখানেই দুজনকে একসঙ্গে গানটি গাইতে দেখা গেছে।
বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমকে সানি জানান, অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই নিজ ভূমিকায় মঞ্চে ওঠেন তিনি। গাইতে থাকেন একের পর এক গান। এক পর্যায়ে ডাকলেন পর্দার ‘রকস্টার’ শাকিবকে। সানির ডাকে সাড়া দিলেন অভিনেতাও। সানি বলেন, "আমি ছবির গানগুলো একটা একটা করে গাইছিলাম। যখন 'আমি' গানটি গাইব, তখন মনে হলো, শাকিব ভাইকেও ডাকি। ছবিতে এটা আমার সবচেয়ে প্রিয় গান। তো, ডাকার পর তিনি এসে জয়েন করলেন। আমার কাঁধে হাত রেখে গান উপভোগ করছিলেন, আবার আমার সঙ্গে গলাও মিলিয়েছেন। দারুণ একটা মুহূর্ত ছিল।’
শাকিব-সানির যৌথ কণ্ঠে ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’ অন্তর্জালে সাড়াও পাচ্ছে বেশ। সানির ওই পোস্টে অনেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন।
শাকিব অভিনয়ের মানুষ, গানটা কেমন গাইলেন? এ নিয়ে গায়ক সানির পর্যালোচনা এরকম, "তিনি হৃদয় দিয়ে গেয়েছেন। গানটাতে মন থেকে অংশ নিয়েছেন, এটাই তো বড় বিষয়। আর শাকিব ভাই নিজেও খুব খুশি ছিলেন, আমার অনেক প্রশংসা করলেন। বলেছেন, 'যে যাই বলুক সানি, এই ছবিতে যতগুলো ভালো গান করেছো তুমি, একসঙ্গে এত ভালো গান বাংলা ছবিতে অনেকদিন ধরে আসেনি।' উনার এই কথা আমাকে সত্যিই আনন্দ দিয়েছে।"
‘আমি’ গানটির কথা, সুর ও কণ্ঠে আছেন সানি। ‘রকস্টার’-এর গানটি এখনো ইউটিউবে প্রকাশিত হয়নি। তবে সানি জানিয়েছেন, শিগগির অন্তর্জালে আসবে এটি। সেই সঙ্গে ছবির সবগুলো গান নিয়ে প্রকাশিত হবে জুকবক্স।
এসএন